Latest News

স্পিন লড়াইয়ে ভারতকে চ্যালেঞ্জ ছুড়লেন ব্রুক

Posted on March 05, 2026   6.9K

ভারতের স্পিন আক্রমণকে ভয় পান না বলে জানিয়ে উল্টো স্পিন দিয়েই ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। তাঁর মতে, ইংল্যান্ডের স্পিন খেলার সক্ষমতা নিয়ে যে নেতিবাচক ধারণা রয়েছে, সেটি বাস্তবতার সঙ্গে মেলে না।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। এই মাঠ সাধারণত ব্যাটিং সহায়ক হলেও কখনও কখনও স্পিনারদের জন্য সহায়ক হয়ে ওঠে। তাই স্পিন সহায়ক উইকেটে ইংল্যান্ড বিপাকে পড়তে পারে, এমন ধারণা অনেকের মধ্যেই রয়েছে।

তবে ম্যাচের আগে সেই ধারণা নাকচ করে দিয়েছেন ব্রুক। তিনি বলেন, ইংল্যান্ডের স্পিন খেলার সক্ষমতা নিয়ে সবসময়ই অযথা নেতিবাচক আলোচনা হয়। শ্রীলঙ্কায় সফরে কঠিন টার্নিং পিচে ধারাবাহিকভাবে ভালো ফল করার কথাও স্মরণ করিয়ে দেন তিনি। ব্রুকের মতে, স্পিন সহায়ক উইকেটে খেলার আত্মবিশ্বাস ইংল্যান্ড দলের রয়েছে।

চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা খুব বেশি ধারাবাহিক না হলেও প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ অবদান রেখে দলকে সেমি-ফাইনালে তুলেছেন। দলের হয়ে এখন পর্যন্ত সেরা ১০ রান সংগ্রাহকের তালিকায় জায়গা পেয়েছেন কেবল ব্রুক, যা সম্ভব হয়েছে পাকিস্তানের বিপক্ষে তার সেঞ্চুরির কারণে।

তবে ব্যাটিংয়ের পাশাপাশি ইংল্যান্ডের সাফল্যে বড় ভূমিকা রাখছে তাদের স্পিন আক্রমণ। দলের অভিজ্ঞ স্পিনার আদিল রাশিদ সাত ম্যাচে ওভারপ্রতি আটের কম রানে ১১ উইকেট নিয়েছেন। প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে লিয়াম ডসন ১০ উইকেট নিয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। অলরাউন্ডার উইল জ্যাকস অফ স্পিনে চার ম্যাচে সাত উইকেট নিয়েছেন, আর শেষ ম্যাচে সুযোগ পেয়ে রেহান আহমেদও দুটি উইকেট শিকার করেন।

নিজেদের শক্তিশালী স্পিন আক্রমণের কথাই মনে করিয়ে দিয়ে ব্রুক বলেন, এই টুর্নামেন্টে ইংল্যান্ডের স্পিনাররা দারুণ বোলিং করেছে এবং সেই চ্যালেঞ্জও ভারতের ব্যাটসম্যানদের সামলাতে হবে।

অন্যদিকে ভারতও শক্তিশালী স্পিন আক্রমণ নিয়ে মাঠে নামবে। যদিও সাম্প্রতিক ম্যাচগুলোতে সেরা ছন্দে নেই ভারুন চক্রবর্তী, তবু ছন্দ ফিরে পেলে তিনি যে কোনো ব্যাটিং লাইনআপকে চাপে ফেলতে পারেন।

চক্রবর্তীর দক্ষতার প্রশংসা করেই ব্রুক বলেন, ভারত সবসময়ই ভালো স্পিনার তৈরি করেছে এবং ভারুন চক্রবর্তী বিশ্বের সেরা স্পিনারদের একজন। তাঁর বিপক্ষে ভালো খেলে যত বেশি সম্ভব রান করার লক্ষ্যই থাকবে বলে জানান ইংলিশ অধিনায়ক।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment