মোহামেডান বলেই সতর্ক কিংস
Posted on April 30, 2026 9.5K
পয়েন্ট টেবিলে সবার ওপরে থেকে শিরোপার পথেই হাঁটছে বসুন্ধরা কিংস। তবে অবস্থানকে আরও মজবুত করতে আজ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে টানা পাঁচবারের চ্যাম্পিয়নরা। পেশাদার ফুটবল লিগে দ্বিতীয় লেগে কিংস আজ অ্যাওয়ে ম্যাচে লড়বে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের বিপক্ষে। কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। ফিকশ্চার অনুযায়ী খেলাটি আগামীকাল হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে এক দিন এগিয়ে নেওয়া হয়েছে। হারানো শিরোপা উদ্ধারের জন্য ম্যাচটি কিংসের জন্য খুবই গুরুত্বপূর্ণ হলেও মোহামেডানের কাছে তা নয়। তাদের এবার আর লিগে শীর্ষে ওঠার কোনো সম্ভাবনা নেই। ২৫ পয়েন্ট নষ্ট করে সাদাকালোরা আছে ছয়ে। ১৪ ম্যাচে কিংস ৩১ ও মোহামেডানের সংগ্রহ ১৭ পয়েন্ট।
মোহামেডান এবার লিগে যতই খারাপ খেলুক না কেন কিংসের জন্য আতঙ্কই বলা যায়। কারণ ২০১৮-১৯ মৌসুমে অভিষেকের পর কিংস বেশি ম্যাচ হেরেছে মোহামেডানের কাছেই। লিগে সর্বোচ্চ চার হারই মোহামেডানের কাছে। এমনকি ঘরোয়া ফুটবলে কিংস অ্যারিনায় অন্য কেউ কিংসকে হারাতে না পারলেও মোহামেডান ঠিকই তিনবার জিতে মাঠ ছেড়েছে। তাও আবার তিনটি লিগেই। সত্যি বলতে কি শক্তির বিচারেও কিংস অনেক এগিয়ে। বড় ব্যবধানে অলরেডরা জিতলেও অবাক হওয়ার কিছু থাকবে না। দল এখন পুরোপুরি ফর্মে। ডরিয়েলটন, ফাহিম, রাকিব, সাদ উদ্দিন, সোহেল রানারা দারুণ খেলছেন।
সমীকরণ যতই কিংসের পক্ষে থাকুক না কেন মোহামেডানের বিপক্ষে আজ কিংসকে বাড়তি নজর দিয়েই লড়তে হবে। একে তো শক্ত প্রতিপক্ষ, তারপর আবার কুমিল্লার অনুপযোগী মাঠ কিংসের জন্য বাড়তি দুশ্চিন্তা। বৃষ্টিতে এ মাঠ কতটা অনুপযোগী হয়ে পড়েছে তা ফেডারেশন কাপে রহমতগঞ্জ ও ইয়ংমেন্স ফকিরেরপুল লড়াইয়ে টের পাওয়া গেছে। আজ যদি বৃষ্টি হয় তাহলে তো আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।
সত্যি বলতে কি বাড়তি চাপ নিয়েই লিগ টপারদের খেলতে হচ্ছে। অবস্থান মজবুত করতে আজ কিংসের জয় খুবই জরুরি। কেননা আজকের ম্যাচের পর কিংসের আরও তিন ম্যাচ বাকি থাকবে। সেখানে ইয়ংমেন্স ফকিরেরপুল তুলনামূলক দুর্বল হলেও পুলিশ ও ঢাকা আবাহনী রয়েছে। বিশেষ করে আবাহনীর বিপক্ষে লড়াইয়ের আগে কিংস যদি তিন পয়েন্টে এগিয়ে থাকে তা হবে প্লাস পয়েন্ট। তাই আজকের ম্যাচটি কিংসের জন্য বড্ড চ্যালেঞ্জের। পয়েন্ট হারালেই শিরোপার রাস্তাটা পিচ্ছিল হয়ে যেতে পারে। তাই মাঠের চিরশত্রু হলেও আবাহনী আজ চাইবে মোহামেডানের জয়। চলতি মৌসুমে কিংস ও মোহামেডানের এটি চতুর্থ লড়াই। চ্যালেঞ্জ কাপ ও লিগের প্রথম লেগে জয় পেলেও ফেডারেশন কাপে মোহামেডানের সঙ্গে ড্র করেছিল কিংস।
