নাহিদের আয় ১৬ লাখ টাকা, আছে ব্যাংক ঋণ
Posted on January 01, 2026 11.4K
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচনি হলফনামায় নিজের পেশা উল্লেখ করেছেন পরামর্শক। আর শিক্ষকতা ও পরামর্শ দিয়ে তিনি বছরে আয় করেন ১৬ লাখ টাকা। কোনো দায় না থাকলেও ব্যাংকে তাঁর ঋণ আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন তিনি। তাঁর বার্ষিক আয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের চেয়েও বেশি। হলফনামা অনুযায়ী নাহিদ ইসলামের নামে কোনো বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, কৃষি কিংবা অকৃষি জমি নেই। নেই আগ্নেয়াস্ত্র ও মামলা। ব্যাংকে ঋণ আছে সাড়ে ৩ লাখ টাকা। নিজের কাছে নগদ আছে ১৯ লাখ ৫০ হাজার টাকা; স্ত্রীর কাছে আছে ২ লাখ টাকা; ব্যাংকে আছে ৩ লাখ ৮৫ হাজার ৩৬৩ টাকা ৫৭ পয়সা। এ ছাড়া নিজের অর্জনকালীন পৌনে ৮ লাখ টাকা মূল্যের অলংকার এবং স্ত্রীর আছে অর্জনকালীন ১০ লাখ টাকা মূল্যের গহনা আছে। ১ লাখ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী ও আসবাব আছে ১ লাখ ৭০ হাজার টাকার। সব মিলিয়ে এনসিপি প্রধানের ৩২ লাখ ১৬ হাজার ১২২ টাকার সম্পদ আছে, গত বছরে তাঁর আয় হয়েছে ১৩ লাখ ৫ হাজার ১৫৮ টাকা। আর আয়কর দিয়েছেন ১ লাখ ১৩ হাজার ২৭৪ টাকা।
নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জমির, মা মমতাজ নাহার, স্ত্রী ফাতেমাতুজ জোহরা। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে প্রার্থী হয়েছেন তিনি। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক। তিনি থাকেন দক্ষিণ বনশ্রীর গোড়ানের এইচ-৮৪/সি নম্বর বাড়িতে। তার স্থায়ী ঠিকানা বাড্ডার বড় বেরাইদ ফকিরখালীর নিগুড় অ্যাপ্লাইডে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটগতভাবে আগামী নির্বাচনে অংশ নিচ্ছে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
