অ্যাটর্নি জেনারেল থেকে আইনমন্ত্রী ঝিনাইদহে আনন্দ মিছিল
Posted on February 18, 2026 10.1K
অ্যাটর্নি জেনারেল থেকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। মন্ত্রী হওয়ায় তার নির্বাচনী এলাকা ঝিনাইদহের শৈলকুপায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই স্থানীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। রাতে ঝিনাইদহ জেলা শহরের পায়রা চত্বরে দলীয় নেতাকর্মীরা রঙ ছিটিয়ে উদযাপন করেন। পাশাপাশি শৈলকুপা উপজেলা শহরের চার রাস্তার মোড়ে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অতীতের মতোই কার্যকর ভূমিকা রাখবেন নবনিযুক্ত এই মন্ত্রী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হন আসাদুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সালেহ মো. মতিয়ার রহমান (দাঁড়িপাল্লা প্রতীক) পান ৫৫ হাজার ৫৭৭ ভোট।
মো. আসাদুজ্জামান ১৯৭১ সালের জানুয়ারি মাসে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ মো. ইসরাইল হোসেন এবং মা বেগম রোকেয়া। তিনি ১৯৮৭ সালে যশোর বোর্ড থেকে এসএসসি এবং ১৯৮৯ সালে এইচএসসি সম্পন্ন করেন। একই বছর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এবং এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবনে তিনি জাসদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেন।
১৯৯৫ সালে বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯৬ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে প্র্যাকটিসের অনুমতি পান এবং ২০০৫ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। কর্মজীবনের শুরুতে তিনি বিচারপতি নিজামুল হক নাসিমের সঙ্গে কাজ করেন। পরে ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের চেম্বারে যোগ দিয়ে দীর্ঘদিন কাজ করেন এবং পরবর্তীতে চেম্বারের অংশীদার হন।
তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আইনজীবী হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জটিল মামলায় অংশগ্রহণের মাধ্যমে তিনি সুপরিচিতি লাভ করেন।
