নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় দিনমজুরের মৃত্যু
Posted on February 25, 2026 7.8K
নারায়ণগঞ্জের ফতুল্লায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় রতন বিশ্বাস (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার লালখাঁর মোড় এলাকায় খালেক মাতবরের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত রতন বিশ্বাস সুনামগঞ্জ জেলার দিরাই থানার চন্নার চর এলাকার মৃত রোমান্ত বিশ্বাসের ছেলে। তিনি স্ত্রী সন্তানসহ পরিবার নিয়ে ফতুল্লার লালখাঁর মোড় এলাকায় খালেক মাতবরের বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন।
নিহতের স্ত্রী অনিতা বিশ্বাস জানান, রতন কয়েকদিন যাবত অসুস্থ ছিলো। এজন্য মঙ্গলবার রাত ৭টার সময় বাড়ির কাছের পল্লী চিকিৎসক শরিফুল ইসলামকে ডেকে বাসায় নিয়ে আসি। তিনি রতনকে দেখে একটি ইনজেকশন ও একটি স্যালাইন হাতে পুশ করেন। এর কয়েক মিনিট পরই রতন কান্না করে কাপতে থাকে। তখন দ্রুত স্যালাইন খুলে ফেলা হয়।
এরপর রতনকে তার ছোট ভাই শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে জরুরি বিভাগের চিকিৎসক রতনকে ঢাকা মেডিকেলে নেয়ার পরামর্শ দেন। ঢাকা মেডিকেলে নেয়ার পর রতনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আবুল বাশার বলে, চিকিৎসক ধারণা করেছে বিষক্রিয়ায় রতনের মৃত্যু হয়েছে। এজন্য চিকিৎসক ফতুল্লা থানাকে জানিয়ে ঢাকা মেডিকেলের মর্গে লাশ রেখে দিয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরও জানান, নিহতের বাসা থেকে পল্লিচিকিৎসকের দেয়া ঔষধ জব্দ করা হয়েছে। পল্লী চিকিৎসককে পাওয়া যায়নি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
