স্কুলে তালা দিয়ে চলে গেলেন শিক্ষকরা, ভেতরে আটকে রইল শিশু সাদিয়া
Posted on April 16, 2026 6.1K
মেহেরপুর শহরের বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ভেতরে তালাবদ্ধ অবস্থায় আটকে পড়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। পরে স্থানীয়দের তৎপরতায় প্রায় এক ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী সাদিয়া (৮) পুরাতন পোস্ট অফিস পাড়ার বাসিন্দা মনিরুল ইসলামের মেয়ে এবং বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪টার দিকে স্কুল ছুটি শেষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা ভবন ও মূল ফটকে তালা দিয়ে চলে যান। এ সময় বাথরুমে থাকা সাদিয়া ভবনের ভেতরেই আটকা পড়ে যায়।
দীর্ঘ সময় ধরে চিৎকার ও কান্নাকাটি করলেও প্রথমে বিষয়টি কারও নজরে আসেনি। পরে তার চিৎকার শুনে আশপাশের পথচারীরা ঘটনাটি টের পান। স্থানীয়রা স্কুলের মূল ফটক টপকে ভেতরে প্রবেশ করে শিশুটিকে দেখতে পান।
তবে কলাপসিবল গেট বন্ধ থাকায় তাকে বের করা সম্ভব হচ্ছিল না। পরে শিক্ষিকা লিনা ভট্টাচার্যকে ডেকে এনে তার উপস্থিতিতে প্রায় এক ঘণ্টা পর সাদিয়াকে উদ্ধার করা হয়। এ সময় শিশুটি ভীত-সন্ত্রস্ত অবস্থায় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঘটনাটি রাত সাড়ে ১১টার দিকে জানাজানি হলে গণমাধ্যমকর্মীরা বিদ্যালয়ের অফিসিয়াল নম্বরে যোগাযোগের চেষ্টা করেন, তবে কোনো সাড়া মেলেনি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রাত ১২টার দিকে ঘটনাস্থলে যান মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেন, তবে ব্যর্থ হন।
এ বিষয়ে বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমেনা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা গেছে, এটাই স্বস্তির বিষয়। তবে ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হবে। সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
