ইন্দোনেশিয়ায় যুগলকে জনসমক্ষে ১৪০ বেত্রাঘাত, তরুণী অজ্ঞান
Posted on January 31, 2026 9.9K
মদ্যপান ও বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে ইন্দোনেশিয়ায় এক যুগলকে জনসমক্ষে ১৪০টি বেত্রাঘাত করেছে দেশটির নীতিপুলিশ। বেত্রাঘাত সহ্য করতে না পরে অভিযুক্ত তরুণী জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়।
শুক্রবার দেশটির আচেহ প্রদেশে এই ঘটনা ঘটে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ওই নারীর বয়স মাত্র ২১ বছর।
স্থানীয় ও প্রশাসনসূত্রে জানা গেছে, এর আগে কখনও একবারে কারও ওপর এত বেত্রাঘাতের নজির নেই।
জনসংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় প্রদেশের সংখ্যা মোট ৩৮টি। এগুলোর মধ্যে একমাত্র আচেহ প্রদেশে সাধারণ আইনের পাশাপাশি কট্টর শরিয়া আইন ও শরিয়াপন্থি বিচারব্যবস্থা প্রচলিত। সেই শরিয়া আইনে মদ্যপানের জন্য ৪০টি এবং বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক স্থাপনের জন্য শাস্তি হিসেবে ১০০টি বেত্রাঘাতের বিধান রয়েছে।
যেহেতু ওই যুগলের বিরুদ্ধে এ দু’টি অপরাধের অভিযোগ উঠেছে, তাই দুই অপরাধের শাস্তিই প্রদান করা হয়েছে তাদের।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ওই যুগলসহ মোট চারজনকে বেত্রাঘাত করা হয়। শরিয়া আদালতের রায় কার্যকর করতে মঞ্চে জনসম্মুখে প্রকাশ্যে ওই তরুণীকে বেত্রাঘাত করছিলেন তিনজন নারী পুলিশ সদস্য। একের পর এক বেতের আঘাতে প্রথমে ওই তরুণী কাঁদছিলেন— পড়ে একসময় মঞ্চে লুটিয়ে পড়েন। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই তিনি চিকিৎসাধীন আছেন।
আচেহ প্রদেশে এর আগেও বেত্রাঘাতের কারণে গুরুতর অসুস্থতার ঘটনা ঘটেছে।
