ইরানের সঙ্গে আলোচনা নিয়ে যা বললেন ট্রাম্প
Posted on February 04, 2026 9.1K
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সঙ্গে আলোচনার টেবিলেই আছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তবে আলোচনার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রদান করেননি ট্রাম্প। আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের দিকে ধেয়ে আসা ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র।এই ঘটনার পরপরই ট্রাম্পের এই কথা জানালেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান আগে একটি সুযোগ পেয়েছিল যা সফল হয়নি এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করে। তিনি বিশ্বাস করেন ইরান সেই ঘটনার পুনরাবৃত্তি চায় না এবং তারা এখন আলোচনার পক্ষে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও মঙ্গলবার নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তুতি চলছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, আলোচনার স্থান নির্ধারণের জন্য বর্তমানে পরামর্শ চলছে।চূড়ান্ত হওয়া মাত্রই তা ঘোষণা করা হবে।
এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছিলেন যে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ চলতি সপ্তাহের শেষ দিকে ইরানি প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য শুক্রবার ইস্তাম্বুলে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে উইটকফের সাক্ষাতের কথা ছিল।
