Latest News

আন্দোলন রাজপথে গড়াবে

Posted on March 07, 2026   6.8K

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা চাই একটা স্থিতিশীলতা, নতুন সংসদে অর্থনৈতিক নিরাপত্তা, বৈষম্যহীনতা ও সংস্কার নিয়ে আলোচনা হবে।

কিন্তু সেই জায়গাটা নির্ভর করবে, যারা সরকারে আছে তাদের ওপর। সেই জায়গা যদি সংকুচিত করে ফেলা হয়, তাহলে আবারও বারবার রাজপথে আন্দোলন-সংগ্রামগুলো গড়াবে। গতকাল বিকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এনসিপিকে নিয়ে রচিত ‘এনসিপির যাত্রা’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের পর পার্শ্ববর্তী দেশ নেপাল যেভাবে বিভিন্ন আন্দোলন ও ঘটনার মধ্য দিয়ে যাচ্ছে, বাংলাদেশেও সামনের দিনে সেরকম হওয়ার সম্ভাবনা আছে। যদি অর্থনৈতিক নিরাপত্তা, বৈষমহীনতা ও গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত না হয় তাহলে বাংলাদেশের মানুষ ও দেশের তরুণরা বারবার রাস্তায় নামবে। অন্তর্বর্তী সরকারের দেড় বছর পুরো বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে থাকবে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এ সময়টা ঠিক করে দিয়েছে যে আগামীর বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বা কীভাবে যাচ্ছে; সামনের রাজনীতি বা লড়াইয়ের গতিপথটাই বা কী রকম হতে যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস এখনো আসেনি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এর আগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একটা বই লিখেছেন। এ ছাড়া অনেক বই বের হয়েছে গতবারের বইমেলাতে। আরেকটু সময় গেলে হয়তো আমরা বুঝতে পারব যে গণ অভ্যুত্থানে আসলে কী হয়েছিল এবং পরবর্তী ঘটনা কীভাবে কী গিয়েছে। গণ অভ্যুত্থান নিয়েও প্রচুর পরিমাণে নিরপেক্ষ গবেষণা ও লেখালেখি হওয়া প্রয়োজন, কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে নয়। যাঁরা নিরপেক্ষভাবে কাজ করেন, তাঁদের প্রতি জুলাই অভ্যুত্থান, তরুণ নেতৃত্ব নিয়ে লেখালেখি করার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।

তিনি বলেন, ‘বিগত সময়গুলোকে আমাদের আরও বিশ্লেষণ করা উচিত যে, এই সময়গুলোয় আসলে আমাদের কোথায় ভুল হলো, কোথায় সফলতা এলো, কোথায় সম্ভাবনা ছিল। যে সম্ভাবনাগুলো এখনো আছে, সেগুলোকে আমরা কাজে লাগাতে চাই।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment