Latest News

ছুরিকাঘাতের পর পুড়িয়ে হত্যা: ওষুধ ব্যবসায়ীর পরিবারের পাশে তারেক রহমান

Posted on January 04, 2026   7.4K

শরীয়তপুরের ডামুড্যায় ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা করা ওষুধ ব্যবসায়ী খোকন চন্দ্র দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিহত খোকন দাসের সৎকারের জন্য তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

রবিবার খোকন দাসের বাড়িতে গিয়ে তার স্ত্রী সীমা দাসের হাতে অনুদান তুলে দেন তারেক রহমানের একান্ত সচিব মিয়া নূরউদ্দিন আহম্মেদ অপু।

এ সময় মিয়া নূরউদ্দিন আহম্মেদ অপু বলেন, খোকন চন্দ্র দাসের এই নির্মম হত্যাকাণ্ডে আমাদের নেতা তারেক রহমান গভীরভাবে শোকাহত ও মর্মাহত। এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীর দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। ইতোমধ্যে অভিযুক্তদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাসহ সার্বিক সহযোগিতায় বিএনপি বদ্ধপরিকর। তারেক রহমানের নির্দেশনায় এর আগেও খোকন দাসের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল।

উল্লেখ্য, গত বুধবার রাতে দোকান বন্ধ করে সারাদিনের বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ডামুড্যাশরীয়তপুর সড়কের কেউরভাঙ্গা বাজারের অদূরে খোকন চন্দ্র দাসের ওপর হামলা চালানো হয়। জুয়ারি সোহাগ খান, মাদক ব্যবসায়ী রাব্বি মোল্লা ও পলাশ সরদারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাঁকে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করে। পরে তাঁর মাথা ও মুখমণ্ডলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

হামলা থেকে বাঁচতে খোকন দাস সড়কের পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে রাত ১০টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ঢাকায় অস্ত্রোপচার করা হলেও শরীরের বড় একটি অংশ পুড়ে যাওয়ায় তাঁকে বার্ন ইউনিটের আইসিইউতে রাখা হয়। তিন দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (৩ জানুয়ারি) সকালে খোকন চন্দ্র দাস মারা যান।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment