স্বৈরাচারের দোসর অপসারণের পর পৃথক সচিবালয় গঠনে মত

Posted on April 08, 2026   10.8K

বিচার বিভাগ থেকে স্বৈরাচারের দোসরদের অপসারণের পর পৃথক সচিবালয় গঠনের পক্ষে মত ব্যক্ত করেছেন বিএনপিদলীয় সংসদ

সদস্যরা। তাঁদের মতে, এ মুহূর্তে বিচার বিভাগের পৃথক সচিবালয় গঠন করা হলে ভয়ংকর ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে নিয়োগ দেওয়া দলকানা ব্যক্তিদের সরানো কঠিন হয়ে পড়বে। ফলে তাঁদের মাধ্যমে দেশবাসী কখনো নিরপেক্ষ বিচার পাবে না। সর্বস্তরের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। গতকাল বিকালে জাতীয় সংসদের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে সংসদ সদস্যরা এমন মতামত ব্যক্ত করেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি বক্তব্য দেন। বৈঠক সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংসদীয় দলের বৈঠকে উপস্থিত সদস্যদের উদ্দেশ করে পরিষ্কার ভাষায় বলা হয়েছে, এ সরকার যেমন স্বৈরাচার হতে চায় না, তেমনি কেউ সরকারের হাত-পা বেঁধে ফেলুক এটিও করতে দেওয়া হবে না। দুর্নীতি দমন কমিশনসহ এ ধরনের বিভিন্ন স্পর্শকাতর প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ-সংক্রান্ত কমিটিই দায়িত্ব পালন করবে। এতে অন্য কেউ হস্তক্ষেপ করবে না। বৈঠকে বলা হয়, সংসদে যেসব আইন পাস হয়েছে এবং হচ্ছে, সে আইনগুলো এবং তার সংশোধনীগুলো নিয়ে একটি পক্ষ পরিকল্পিতভাবে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। সে অপচেষ্টাগুলোর বিরুদ্ধে সঠিক তথ্য-উপাত্তের মাধ্যমে জবাব দিতে হবে। এজন্য সরকারদলীয় এমপিদের এসব আইন সম্পর্কে ভালোভাবে জেনেশুনে সংসদে বক্তব্য  রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এর মাধ্যমে জনগণের মধ্যে এসব অধ্যাদেশ তথা আইনগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়ে জনমনের বিভ্রান্তি দূর করতে হবে। সংসদের ভিতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই প্রয়োজনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আইন মন্ত্রণালয় জনগণকে পরিষ্কার ধারণা দেবে। জানা যায়, জুলাই গণ অভ্যুত্থানকে যে বিএনপি সরকার মনেপ্রাণে ধারণ করে এ বিষয়টি জনগণের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে। যাতে এ নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে যেসব বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সেগুলো যাতে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে না পারে। এ ব্যাপারে সব সদস্যকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। এ ছাড়া ত্রয়োদশ সংসদে নতুন সদস্য, বিশেষ করে বিরোধী দলের বেশির ভাগ এমপির রুলস অব প্রসিডিউরের বাইরে রাজপথের জনসভার মতো বক্তব্য রাখছেন বলে উপস্থিত অনেকে মতামত দেন।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment