ছুরিকাঘাতের পর পেট্রল ঢেলে আগুন, সেই গ্রাম্য ডাক্তার মারা গেছেন

Posted on January 03, 2026   7.3K

শরীয়তপুরের ডামুড্যার কেউরভাঙ্গা এলাকায় ছুরিকাঘাতের পর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া সেই গ্রাম্য ডাক্তার ও ব্যবসায়ী খোকন চন্দ্র দাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান। অতিরিক্ত পুলিশ সুপার তানভির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) রাতে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের কেউরভাঙ্গা বাজারে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন গ্রাম্য ডাক্তার ও মাবাইল ব্যাংকিংয়ের এজেন্ট খোকন দাস। পথে ৩/৪ জন দুবৃর্ত্ত তাকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেন। এসময় হামলাকারীদের চিনে ফেলায় তার শরীর ও মুখে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা চালান তারা। নিরুপায় খোকন চন্দ্র দাস বাচাঁর জন্য পুকুরে ঝাপ দেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় খোকন চন্দ্র দাসকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হয়। কিন্তু ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বৃহস্পতিবার দুপুরে তার শরীরের বিভিন্ন স্থানে অস্ত্রোপচার করা হয়। তবে দ্বগ্ধ ও গুরুতর জখম হওয়ায় তার অবস্থার অবনতি ঘটে। তিন দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তিনি মারা যান।

এ ঘটনায় খোকন চন্দ্র দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে ডামুড্যা থানায় মামলা দায়ের করেছেন। মামলায় কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭), সামছুদ্দিন মোল্যার ছেলে রাব্বি মোল্যা (২১) এবং শহীদ সরদারের ছেলে পলাশ সরদারকে (২৫) আসামি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার তানভির হোসেন বলেন, আমরা হাসপাতালে কথা বলে জানতে পেরেছি তিনি মারা গেছেন। আমরা খোঁজ নিচ্ছি, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment