চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু মারা গেছেন
Posted on January 04, 2026 5.4K
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু আর নেই। রবিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় শেষ তিনি নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’। দীর্ঘদিন ধরে আব্দুল লতিফ বাচ্চু দেশের চলচ্চিত্র ও নাটকের জগতে দায়িত্ব পালন করেছেন। সরকারি সেন্সর বোর্ড ও জুরি বোর্ডে তিনি সততা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নির্বাচনে বহুবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আব্দুল লতিফ বাচ্চু ১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’, ‘দর্পচূর্ণ’ সিনেমায় বিখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ১৯৬৮ সালে ‘রূপকুমারী’ সিনেমায় একক ক্যারিয়ার শুরু করেন। স্বাধীনতার পর চিত্রা জহিরের প্রযোজনা ও কাজী জহিরের পরিচালনায় কাজ করেন ‘অবুঝ মন’ সিনেমায়।
এরপর ‘বলবান’ সিনেমার মাধ্যমে পরিচালনায় নাম লেখান। ‘যাদুর বাঁশি’ (বাচসাস), ‘দ্বীপকন্যা’, ‘নতুন বউ’, ‘মি. মাওলা’, ‘প্রতারক’ তার উল্লেখযোগ্য সিনেমা। ক্যারিয়ারে বাচসাস ছাড়াও অর্জন করেছেন চ্যানেল আই কর্তৃক ‘ফজলুল হক স্মৃতি’ পুরস্কার। তার মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তারা প্রয়াত আব্দুল লতিফের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে।
