নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করছে যুক্তরাষ্ট্র: ইরান
Posted on April 14, 2026 11.2K
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে মার্কিন নৌ-অবরোধের কঠোর সমালোচনা করে ইরান জানিয়েছে, একটি অবৈধ যুদ্ধ কখনোই বিশ্ব অর্থনীতির ওপর ‘ইচ্ছাকৃত প্রতিশোধ’ নিয়ে জয় করা সম্ভব নয়।
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ওয়াশিংটনের এই পদক্ষেপকে আত্মঘাতী হিসেবে বর্ণনা করেন। তিনি প্রশ্ন তোলেন, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা কি আদৌ কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে?
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার নির্দেশেই ইরানের সব সমুদ্রবন্দরে যাতায়াতকারী জাহাজের ওপর অবরোধ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও দাবি করেন যে, মার্কিন বাহিনী ইতিমধ্যে ইরানের ১৫৮টি জাহাজ ধ্বংস করেছে এবং দেশটির নৌবাহিনী এখন সমুদ্রের তলদেশে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ‘ফাস্ট অ্যাটাক শিপ’ যদি মার্কিন অবরোধ ভাঙার চেষ্টা করে, তবে সেগুলোকে তাৎক্ষণিকভাবে নির্মূল করা হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসও নিশ্চিত করেছে যে, পতাকাবাহী নির্বিশেষে সব ধরনের নৌ-যানের জন্য এই অবরোধ কার্যকর হবে।
ইরানের সশস্ত্র বাহিনী এই হুমকির পাল্টা জবাব দিয়ে বলেছে, তাদের বন্দরে কোনো ধরনের হামলা চালানো হলে পুরো অঞ্চলে তার তীব্র প্রতিক্রিয়া হবে। সশস্ত্র বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাখারি স্পষ্ট করে দিয়েছেন যে, পারস্য উপসাগর ও ওমান সাগরের নিরাপত্তা সবার জন্য সমান হতে হবে; অন্যথায় কারোর জন্যই তা নিরাপদ থাকবে না। তিনি জানান, শত্রুভাবাপন্ন কোনো দেশের জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে পার হতে দেওয়া হবে না এবং অন্য দেশগুলোকে ইরানের নিয়ম মেনে এই জলপথ ব্যবহার করতে হবে।
