যুব বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি, নেতৃত্বে আজিজুল তামিম
Posted on January 03, 2026 6.2K
হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য নিয়ে আসন্ন যুব বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জানুয়ারির মাঝামাঝি শুরু হতে যাওয়া টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার আজিজুল হাকিম তামিম। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ওপেনার জাওয়াদ আবরার।
সদ্য শেষ হওয়া যুব এশিয়া কাপের স্কোয়াড থেকে সামান্য পরিবর্তন এনে দল চূড়ান্ত করেছেন নির্বাচকেরা। এশিয়া কাপে থাকা পেসার মোহাম্মদ সবুজের জায়গায় মূল দলে সুযোগ পেয়েছেন আল ফাহাদ। তবে সবুজকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। বাকি ১৪ জন ক্রিকেটারই ছিলেন এশিয়া কাপের স্কোয়াডে।
স্ট্যান্ডবাই তালিকায় আরও রয়েছেন আব্দুর রহিম, দেবাশীষ সরকার, রাফি উজ জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ ও সানজিদ মজুমদার।
গত এক বছরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের পাশাপাশি জিম্বাবুয়েতে স্বাগতিক দল ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে। এ ছাড়া ঘরের মাঠে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকেও হারিয়েছে তারা।
১৬ দলের এই যুব বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। আগামী ১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ২০ জানুয়ারি নিউজিল্যান্ড এবং ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে যুবারা।
১৫ জানুয়ারি শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়া আহমেদ ও ইকবাল হোসেন ইমন।
স্ট্যান্ডবাই: আব্দুর রহিম, দেবাশীষ সরকার, রাফি উজ জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, সানজিদ মজুমদার ও মোহাম্মদ সবুজ।
