১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ

Posted on October 23, 2025   11.1K

ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরমেন্সে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে টাইগাররা।

দীর্ঘ ১৯ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। মাঝে টানা চারটি সিরিজে হার ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হয়েছিল টাইগাররা।

দীর্ঘদিন পর সিরিজ জিততে পেরে দলের পারফরমেন্সের প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রান করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১৭৬ রান করেন টাইগার দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও দু’জনই হতাশ করেন। সৌম্য ৯১ ও সাইফ ৮০ রানে আউট হন।

সিরিজ জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে ২৯৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে বল হাতে জ্বলে ওঠেন বাংলাদেশের চার স্পিনার। মিরাজ, নাসুম আহমেদ, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম ১০ উইকেট ভাগাভাগি করে নিলে ৩০.১ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা।

বাংলাদেশের হয়ে বল হাতে নাসুম ও রিশাদ ৩টি করে এবং মিরাজ ও তানভীর ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন সৌম্য।

তৃতীয় ও শেষ ওয়ানডে শেষে দুই ওপেনার সৌম্য-সাইফের প্রশংসা করেছেন মিরাজ। তিনি বলেন, ‘সিরিজের শেষ ম্যাচে আমাদের শুরুটা বেশ ভালো ছিল। সৌম্য এবং সাইফ দারুণ ব্যাট করেছে। এই উইকেটে রান করা সহজ ছিল না। কিন্তু সৌম্য-সাইফ প্রথম ২০ ওভারে অনেকগুলো বাউন্ডারি মেরেছে।’

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment