ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০
Posted on December 27, 2025 9.5K
ঘন কুয়াশার মধ্যে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বাসচালকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার রাত ১টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, রাজধানীর গাবতলী থেকে গোপালগঞ্জগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটি ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় হাইওয়ে পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে রাত দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, বাসচালকের অসতর্কতা ও ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
