নরসিংদীতে বিএনপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলা

Posted on December 25, 2025   5.8K

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে নরসিংদীতে হামলার শিকার হয়েছেন কিশোরগঞ্জের বিএনপি নেতাকর্মীরা।

বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে নরসিংদী জেলার শিবপুর উপজেলার আমতলা এলাকায় যাতায়াত পরিবহনের একটি বাসে এ অতর্কিত হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে নেতাকর্মীদের নিয়ে বাসটি রাজধানীর পূর্বাচলের উদ্দেশ্যে রওনা হলে আমতলা এলাকায় দুর্বৃত্তরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে গাড়িবহরে হামলা চালায়। হামলাকারীরা বাসটি ভাঙচুর করে এবং চালককে মারধর করে গুরুতর আহত করে। আহত চালককে দ্রুত উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ ফেসবুকে এক পোস্টে বলেন, নরসিংদীর শিবপুর উপজেলার আমতলা রাস্তায় হঠাৎ গাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হামলা করে। গাড়ির ড্রাইভার গুরুতর আহত হয়ে শিবপুর হাসপাতালে ভর্তি আছেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা নিয়েছি। যারা গাড়িবহরে আসছেন, চোখ-কান খোলা রেখে আসবেন।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কুহিনুর মিয়া জানান, কিশোরগঞ্জ থেকে যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িটি মনোহরদীর ড্রেনের ঘাট এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যানের চালকের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। এ ঘটনার জেরে শিবপুরের আমতলায় এসে পিকআপ ভ্যানের চালক ও তার সহযোগীরা বাসটি আটকে হামলা ও ভাঙচুর চালায়। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment