কনকনে শীতে কাবু দেশ

Posted on December 30, 2025   11.2K

চলমান শীতের তীব্রতা আর ঘন কুয়াশার কারণে সারা দেশে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে নিম্নআয়ের মানুষ, শিশু ও বয়স্করা চরম ভোগান্তিতে পড়েছেন। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, আরও কয়েক দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা জানিয়েছেন, ঘন কুয়াশা ও ঠান্ডা হাওয়ার প্রভাবে দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে, বিশেষ করে ভোর থেকে সকাল পর্যন্ত। শীতবস্ত্রের অভাবে খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল জনগোষ্ঠীর দুর্ভোগ বেড়েছে। সড়ক, নৌপথ ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থায় সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, কুয়াশার এই প্রবণতা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে এবং জানুয়ারির শুরুতে শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও জানান, দেশের অভ্যন্তরের জলাধার, বিল ও হাওর থেকে উৎপন্ন কুয়াশা, বিকিরণজনিত কুয়াশা, পাহাড়ি এলাকায় সৃষ্ট কুয়াশা এবং ভারতের উত্তর-পশ্চিম দিক থেকে বায়ুতাড়িত কুয়াশা প্রবেশ করায় সামগ্রিকভাবে কুয়াশার ঘনত্ব বেড়েছে। এই কুয়াশা মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত বায়ুমণ্ডলে অবস্থান করায় সূর্যের আলো বাধাগ্রস্ত হচ্ছে, ফলে ঠান্ডার অনুভূতিও তীব্র হয়ে উঠছে

সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলীতে : হাওর অধ্যুষিত এই উপজেলার তাপমাত্রা গতকাল সকালে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, এদিন সারা দেশের মধ্যে নিকলীতেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়ার হিসাবে এটি মৃদু শৈত্যপ্রবাহ। এদিকে একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। নিকলী আবহাওয়া অফিস রবিবার জানিয়েছিল, জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসজুড়েই শীতের প্রভাব থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বরিশালে লঞ্চ চলাচল বন্ধ : ঘন কুয়াশার কারণে দ্বিতীয় দিনের মতো ঢাকা-বরিশালসহ সারা দেশের নদীপথে নৌযান চলাচল বন্ধ রয়েছে। গতকাল বরিশাল নৌ-বন্দর থেকে ঢাকার উদ্দেশে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। তবে দিনের বেলায় অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল করেছে। বিআইডব্লিউটিএর বরিশাল নদীবন্দর নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ঘন কুয়াশার কারণে দ্বিতীয় দিনের মতো সন্ধ্যার পর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সন্ধ্যার পর থেকে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা কমছে না : চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা কমছে না। কুয়াশার চাদরে চারপাশ ঢাকা থাকায় সরাসরি দিনের আলোও দেখা যাচ্ছে না। গতকাল সকাল ৯টায় জেলার তাপমাত্রা নেমেছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। চুয়াডাঙ্গায় সড়কে যানবাহনগুলো দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। উত্তরের শীতল বাতাসে মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। খেটেখাওয়া অসহায় মানুষ শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামিনুর রহমান বলেন, চুয়াডাঙ্গা ও আশপাশের জেলাগুলোতে আরও কয়েক দিন শীতের তীব্রতা থাকবে। নতুন করে শৈত্যপ্রবাহও দেখা দিতে পারে।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment