ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
Posted on April 02, 2026 7.9K
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে ফাইনালে পৌঁছানোর পর দ্বিতীয় সেমিফাইনালের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। সেখানে ভুটানকে বিধ্বস্ত করে ফাইনালের টিকিট কেটেছে ভারত। শিরোপা লড়াইয়ে আবারও দেখা হচ্ছে বাংলাদেশ ও ভারতের।
বুধবার মালদ্বীপের রাজধানী মালেতে প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। এরপর ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে দেয় ভারত। একই ভেন্যুতে শুক্রবার হবে ফাইনাল।
চলতি আসরে গ্রুপ পর্বেও দেখা হয়েছিল বাংলাদেশ ও ভারতের। সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়।
বয়সভিত্তিক এই প্রতিযোগিতা এ পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ ক্যাটাগরিতে মোট সাতবার অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চারবার সেরা হয়েছে ভারত। নেপাল দুইবার এবং একবার শিরোপা জিতেছে বাংলাদেশ।
২০২৪ সালে প্রথম এই শিরোপা জেতে বাংলাদেশ। সেবার অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে হওয়া আসরের ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
সব ক্যাটাগরি মিলিয়ে এ নিয়ে চতুর্থবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৮, ২০২২ সালে অনূর্ধ্ব-২০ ও ২০২৫ সালে অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে, আগের তিন ফাইনালের সবগুলোতেই ভারতের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ।
