বাবা-মাকে খাওয়ানো নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

Posted on April 02, 2026   9.2K

পাবনার সাঁথিয়ায় বাবা-মাকে খাওয়ানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই শাহীন (৩৫) মারা গেছেন। গত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

নিহত শাহীন উপজেলার ধূলাউরী ইউনিয়নের রাউতি গ্রামের রওশন আলীর ছেলে।

​স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ বাবা-মাকে খাবার খাওয়ানো নিয়ে শাহীন ও তার বড় ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। দুই ভাইয়ের মধ্যে সিদ্ধান্ত ছিল, তারা প্রত্যেকে এক সপ্তাহ করে বাবা-মাকে খাওয়াবেন। কিন্তু এই নিয়ম নিয়ে দ্বন্দ্ব শুরু হলে বড় ভাই উত্তেজিত হয়ে কাঠের লাঠি দিয়ে শাহীনের মাথায় আঘাত করেন। এতে শাহীনের মাথার খুলির একাংশ গুরুতরভাবে (ভেতরে দেবে) যায়।​

​আহত শাহীনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহীতে কয়েক দিন চিকিৎসার পর শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পরিবার সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য গত রাতে ঢাকা নেওয়ার প্রস্তুতিকালে এবং প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে রওনা হওয়ার পথেই শাহীন মারা যায়। ​

​সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই পলাতক থাকায় তাকে এখনো আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ আসামিকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment