গ্যালারিতে মুসলিম-বিদ্বেষী স্লোগান, তদন্ত নেমেছে স্পেন
Posted on April 01, 2026 8.8K
বিশ্বকাপের আগে বার্সেলোনায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল স্পেন-মিশর। এস্পানিওল স্টেডিয়ামে ম্যাচটি গোলশূন্য ড্র হলে হয়েছে।
তবে ম্যাচের ফলাফল ছাড়িয়ে এদিন গ্যালারি থেকে আসা মুসলিম-বিদ্বেষী স্লোগান ও উগ্র আচরণ ফুটবল বিশ্বকে ক্ষুব্ধ করেছে।
এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে তদন্তের কথা জানিয়েছে স্পেন। বুধবার (১ এপ্রিল) দেশটির পুলিশ জানিয়েছে, ম্যাচ চলাকালীন শোনা যাওয়া “ইসলামবিদ্বেষী ও উগ্র আচরণ ও স্লোগানের বিষয়ে তারা তদন্ত করছে।
সাম্প্রতিক সময়ে স্প্যানিশ ফুটবলকে কেন্দ্র করে একাধিক ঘটনার মধ্যে এটি ছিল সর্বশেষ ঘটনা, যেখানে বিশেষ করে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়রকে বারবার বর্ণবাদী আচরণের শিকার হতে হয়েছে।
কাতালোনিয়ার আঞ্চলিক পুলিশ বাহিনী মোসোস ডি’এসকুয়াদ্রা এক্সে দেওয়া পোস্টে বলেছেন, আমরা গতকাল আরসিডিই স্টেডিয়ামে স্পেন-মিশর প্রীতি ম্যাচ চলাকালীন শোনা যাওয়া ইসলামবিদ্বেষী ও বিদেশিবিদ্বেষী স্লোগানের বিষয়ে তদন্ত করছি।
এই ঘোষণাটি আসে স্পেনের বিচারমন্ত্রী ফেলিক্স বোলানোসের ঘটনার নিন্দা জানানোর কিছুক্ষণ পরেই। বোলানোস বলেন, বর্ণবাদী আচরণ এবং স্লোগান একটি সমাজ হিসেবে আমাদের লজ্জিত করে। তিনি বলেন, চরম ডানপন্থীরা তাদের ঘৃণা থেকে কোনো স্থানই মুক্ত রাখবে না, এবং যারা আজ নীরব থাকবে তারা এর সহযোগী হবে। আমরা এমন একটি দেশের জন্য কাজ করে চলেছি যা সকলের প্রতি সহনশীল ও শ্রদ্ধাশীল বলে উল্লেখ করেন তিনি।
স্পেনের ফুটবল ফেডারেশন এবং কোচ লুইস দে লা ফুয়েন্তেও ৩৫ হাজারের দর্শকের একাংশের আচরণের নিন্দা জানিয়েছেন।
ম্যাচের পর সংবাদ সম্মেলন কক্ষে বসেই দে লা ফুয়েন্তে সাংবাদিকদের বলেন, এটা অসহনীয়। ৬৪ বছর বয়সী এই ব্যক্তি আরও বলেন, হিংস্র প্রকৃতির লোকেরা নিজেদের জন্য জায়গা করে নিতে ফুটবলকে ব্যবহার করে। তাদের সমাজ থেকে সরিয়ে দিতে হবে, চিহ্নিত করতে হবে এবং যথাসম্ভব দূরে রাখতে হবে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান এই ঘটনাকে সুনির্দিষ্ট ও বিচ্ছিন্ন পরিস্থিতি বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমরা এই ধরনের মনোভাবের নিন্দা করেছি এবং বলেছি যে এর পুনরাবৃত্তি যেন আর না ঘটে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে খেলাটি কাতার থেকে বার্সেলোনায় সরিয়ে আনা হয়েছিল এবং শুরু থেকেই একটি প্রতিকূল পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল।
