চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা: দুই পুলিশ সদস্য প্রত্যাহার

Posted on December 20, 2025   6.7K

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বাধায় পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে দুই তরুণ নিহতরে ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এছাড়াও ওই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার এন. এম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে সড়ক দুর্ঘটনায় মারা যান রিফাত ও নামে দুই তরুণ। পুলিশের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ট্রাক চাপায় তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এরপর সড়ক চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের উপর মরদেহ রেখে অবরোধ করেন বিক্ষুব্ধরা।

এক পর্যায়ে বিশ্বরোড পুলিশ বক্স ও শান্তিবাগের পুলিশ ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। পরে রাত সাড়ে ৭টার দিকে সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

অতিরিক্ত পুলিশ সুপারএন. এম ওয়াসিম ফিরোজ বলেন, ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উপর হামলার পর নিবন্ধনহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় সার্কিট হাউস মোড়ে চেকপোস্ট বসানো হয়। সেখানে ট্রাফিক পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ছিলেন। ওই চেকপোস্টে হেলমেটবিহীন রিফাত ও সোহাগের মোটরসাইকেল থামানোর জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু সংকেত অমান্য করে তারা দ্রুত গতিতে চলে যাওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে এবং তাদের দুজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের কিছু ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখছে পুলিশ। ফুটেজগুলো আরও গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থলে সাতজন পুলিশ সদস্য ছিলেন। তাদের মধ্যে দুজনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment