জমি নিয়ে চাচাতো ভাইদের সংঘর্ষে আহত ৫০ জন
Posted on October 20, 2025 6.5K
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাড়ির জায়গা নিয়ে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানিয়েছে, গ্রামের আব্দুল মতলিব ও কাদির মিয়া—চাচাতো ভাই। দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি কাদির মিয়ার গরুর ঘরের পানি মতলিব মিয়ার জায়গায় প্রবাহিত হলে তা বন্ধ করে দেন মতলিব। এ নিয়ে প্রথমে কথাকাটাকাটি এবং পরে রাতের দিকে দুই পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ৫০ জন আহত হন। তাদের মধ্যে ১৫ জনকে গুরুতর অবস্থায় সিলেট এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহতদের মধ্যে রয়েছেন সালাম মিয়া (৬৫), কাদির মিয়া (৬০), ফরহাদ মিয়া (২০), জব্বার মিয়া (১৮), করিম মিয়া (৬৫), হাফিজ (২৫), রীনা বেগম (৫০), রিপা বেগম (২৫), রংফুল বিবি (৬০), এম সফর আলী (৩৮), রাব্বুল মিয়া, আহমদ মিয়া (২৮), শামীম মিয়া (২৬), আব্দুল মতলিব (৭০), মাহমুদ মিয়া (২৪), আওয়াল মিয়া (৪০), আরজু মিয়া (৩৫), ফয়জুননেছা (৬০), আলামীন (৩৫)সহ আরও অনেকে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, ‘বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
