১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার কোটি টাকা

Posted on October 19, 2025   7.5K

চলতি মাসের প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ১৫৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১৯ হাজার ২০৩ কোটি টাকা। রবিবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এ রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় পাঁচ কোটি ১০ লাখ ডলার বেশি। গত বছরের ওই সময়ে প্রবাসী আয় এসেছিল ১৫২ কোটি ৩০ লাখ ডলার। চলতি মাসে প্রতিদিন গড়ে যোগ হয়েছে আট কোটি ২৮ লাখ ডলার বা প্রায় এক হাজার ১১ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছর ১৮ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৯১৫ কোটি ৯০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৮০৬ কোটি ৬০ লাখ ডলার। অর্থবছর অনুযায়ী রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬ শতাংশ। জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ও সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারে পৌঁছেছিল, যা ছিল ওই অর্থবছরের এক মাসের হিসাবে রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। এটি আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment