বুবলীকে নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস
Posted on April 18, 2024 11K
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে চিত্রনায়িকা শবনম বুবলী তার ক্যারিয়ার, সন্তান শেহজাদ ও ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলাখুলি কিছু কথা বলেন। সেখানে তিনি নিজেকে এখনো শাকিব খানের স্ত্রী দাবি করলেও বর্তমানে আলাদা থাকছেন এবং দু’জনই সময় নিচ্ছেন বলে জানান। এছাড়া অপু ও বুবলীকে কখনো একসঙ্গে শাকিব খানের বাসায় দেখা গিয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘দেখা হয় আমাদের। খুব স্বাভাবিক। যখন দেখা হয়েছে, আমি সর্বোচ্চ সম্মানটা দিতে চেষ্টা করেছি।’
এমনকি একদিন শেহজাদ ও শাকিব খানকে নিয়ে তিনি যখন রুমে সময় কাটাচ্ছিলেন, তখন সেখানে আবরামকে নিয়ে নাকি অপু বিশ্বাসও হাজির হয়েছিলেন বলে ওই সাক্ষাৎকারে জানান বুবলী। এটি প্রকাশের পর থেকে এ নিয়ে গণমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য সামনে এসেছে। যা নিয়ে নতুন জল্পনার সৃষ্টি হয়েছে। গণমাধ্যমে এরই মধ্যে খবর এসেছে বুবলীর এমন কথায় নাকি বিরক্ত শাকিব খান আর অভিমান করেছেন অপু।
পাল্টাপাল্টি নানা অভিযোগ নিয়ে বাংলাদেশে প্রতিদিনের কাছে এবার মুখ খুললেন অপু বিশ্বাস। তার ভাষ্যমতে, বুবলীর সঙ্গে দেখা হওয়ার দিন ছিল প্রথম রমজান। আর সেদিন আগে থেকেই জয়কে নিয়ে শাকিব খানের বাসায় ছিলেন অপু। আর বুবলী সেদিন শাকিবের বাসায় না অফিসে এসেছিলেন। এমনটাই দাবি করলেন অপু।
অপু আরও বলেন, আসলে এসব কথার ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই। কারণ প্রত্যেক মানুষেরই একটা ব্যক্তিত্ব থাকে। তো এ বিষয়ে কথা বলার আগে কিছু কথা সবার জানা দরকার। মূলত সেদিন আমার শ্বশুর-শাশুড়ি, ননদ ও শাকিবের সঙ্গে আমাদের ইফতারের আয়োজন ছিল। যেহেতু এবার রোজায় খান (শাকিব) ঢাকায় ছিলেন। তো সেভাবে আমাদের আয়োজন করা হয়। পরে ইফতারের পরে যতদূর মনে পড়ে-সন্ধ্যা ৭টার দিকে খাবার খাবে বলে শাকিব তার অফিস থেকে ফোনকলে আমাকে জানায়। আমি এর ৩০-৪০ মিনিট পর যখন শাকিবের বাসা থেকে সেই খাবারটা নিয়ে অফিসের দিকে যাই, তখনই বুঝে ফেলি যে শেহজাদ হয়তো বাবার (শাকিব) কাছে এসেছে। কারণ দরজা খুলতেই দেখি বুবলীর মেকআপম্যান/কেয়ারটেকারকে যে সব সময় শেহজাদের টেককেয়ার করে। তো খাবারটা নিয়ে শাকিবের অফিসে যেয়েই দেখি শেহজাদের সাথে তিনিও (বুবলী) অফিসে এসেছেন। এ সময় আমার ও জয়ের সঙ্গে আমার ননদের মেয়েও ছিল। কিন্তু এটা বুবলী ভিন্নভাবে মিডিয়ায় উপস্থাপন করেছেন। সেখানে রুমে কোয়ালিটি টাইমের কথা কেন বলা হয়েছে তা আমি বুঝিনি। তিনি এসব বলে কি মিন করতে চাইছেন তাও জানি না।
