মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে পাকিস্তান ও চীনের পাঁচ দফা প্রস্তাব

Posted on April 01, 2026   10.6K

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে যৌথভাবে পাঁচ দফা প্রস্তাব দিয়েছে পাকিস্তান ও চীন।

যুদ্ধ অবিলম্বে বন্ধ করা এবং যত শিগগিরি সম্ভব শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে দেশ দুটি।

মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র বৈঠককালে এই প্রস্তাব পেশ করা হয়।

বৈঠকের পর প্রকাশ করা হয় যৌথ বিবৃতি। তাতে এই পাঁচ দফা প্রস্তাবের রূপরেখা তুলে ধরেছে দুই দেশ। যেখানে, উত্তেজনা প্রশমন, সংলাপ এবং আন্তর্জাতিক আইন মেনে চলার কথা বলা হয়েছে।

বিবৃতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, দুই দেশের দুই কর্মকর্তা উপসাগরীয় এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতি পর্যালোচনা করে এই পাঁচ দফা প্রস্তাব সামনে এনেছেন।

প্রস্তাবের প্রথম দফায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, যুদ্ধে জড়িত সব পক্ষকেই উত্তেজনা আর না বাড়ানো এবং যুদ্ধে দুর্ভোগে পড়া মানুষদের জন্য মানবিক ত্রাণ পৌঁছাতে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দ্বিতীয় দফায় জোর দেওয়া হয়েছে, জলদি শান্তি আলোচনা শুরু করার ওপর। বিরোধ নিরসনে একমাত্র কার্যকর পথ হিসাবে প্রস্তাবে তুলে ধরা হয়েছে সংলাপ ও কূটনীতিকে।

এর পাশাপাশি ইরান ও উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। আলোচনা শুরু করার উদ্যোগে সব পক্ষকে চীন এবং পাকিস্তান সমর্থন জানাবে বলেও জানিয়েছে।

তৃতীয় দফায় বেসামরিক নাগরিক এবং সামরিক নয় এমন লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ করা, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা, জ্বালানি, বিদ্যুৎ, পানি পরিশোধন প্ল্যান্ট এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

চতুর্থ দফায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এবং ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এই প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে।

পঞ্চম দফায় জাতিসংঘ সনদের সঙ্গে সঙ্গতি রেখে একটি বিস্তৃত শান্তি কাঠামো প্রতিষ্ঠা করা এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment