ঈদের পর প্রথম কার্যদিবসে শেয়ার বাজারে দরপতন

Posted on April 16, 2024   10.5K

ঈদের পর প্রথম কার্যদিবসে সোমবার দেশের শেয়ার বাজারে বড় দরপতন হয়েছে। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮৫ পয়েন্টের বেশি। এছাড়া লেনদেন কমে ৩০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার লেনদেনের শুরুতেই ডিএসইতে বিক্রয় চাপে অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমতে থাকে। লেনদেনকৃত মোট ৩৯৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র ৩২টির, কমেছে ৩৩৬টির। আর অপরিবর্তিত রয়েছে ২৭টির দর। দেশের প্রধান এই শেয়ার বাজারে সোমবার  প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮৫ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭৮.৭৬  পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ২ হাজার ১৪ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট কমে ১ হাজার ২৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের পাশাপাশি গতকাল ডিএসইতে লেনদেনও কমেছে। এদিন এই বাজারে ৩৬৭ কোটি ৫৩ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৪৩ কোটি ৮৪ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৭৬ কোটি ৩১ লাখ টাকা।


ডিএসইতে সোমবার  টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশটি কোম্পানি হলো : ফু-ওয়াং ফুড, মালেক স্পিনিং, কর্ণফুলী ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম, শাইনপুকুর সিরামিকস, কহিনূর কেমিক্যাল, আলিফ ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং ওরিয়ন ইনফিউশন।


অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৮৯ পয়েন্ট। লেনদেন হয়েছে ৮ কোটি ৭৮ লাখ টাকা। গতকাল সিএসইতে লেনদেনকৃত মোট ১৭৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দর।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment